ঢাকা, বুধবার, ৮ জুলাই, ২০২৬

নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তান, ভিয়েতনাম এবং জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এসব বৈঠকে মাদক দমন, আইন-শৃঙ্খলা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, মানবপাচার প্রতিরোধ, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।বুধবার (৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে জানানো হয়, চলমান আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।


এসব আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।


পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মহসিনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তথ্য আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

ads
ads
ads

Our Facebook Page